
সারের ডিলার নিয়োগে বিএনপির নেতাদের বিরুদ্ধে দলীয়করণ, স্বজনপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। তাঁর দাবি, সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে সারসংকট তৈরি হয়েছে, এতে ভোগান্তিতে পড়ছেন কৃষকেরা।
গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকারি নীতিমালা উপেক্ষা করে ডিলার নিয়োগে রাজনৈতিক বিবেচনা প্রাধান্য পেয়েছে। দিনাজপুর ও রংপুরের বদরগঞ্জসহ বিভিন্ন এলাকায় অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের অভিযোগ পাওয়া গেছে বলেও জানান তিনি। তাঁর ভাষ্য, যোগ্যতা না থাকা সত্ত্বেও অনেকে ডিলারশিপ পেয়েছেন; একই পরিবারের একাধিক ব্যক্তির ডিলারশিপ নেওয়া, ভুয়া গুদাম ও চুক্তিনামা ব্যবহারের অভিযোগও রয়েছে। রংপুরের পীরগাছায় বিএনপির প্যাডে প্রকাশিত ডিলার নিয়োগের তালিকায় বিভিন্ন দলের নেতাদের নাম থাকার দাবিও করেন তিনি।
এসব অভিযোগ তদন্ত করে দায়ীদের শাস্তির দাবি জানিয়েছে জামায়াত। দলটি ডিলার নিয়োগের যোগ্যতার মানদণ্ড, তালিকা তৈরির প্রক্রিয়া ও লাইসেন্স প্রদানের ভিত্তি প্রকাশ, অর্থ লেনদেনের অভিযোগ তদন্ত এবং সারসংকট নিয়ে সরকারি বক্তব্যের সঙ্গে বাস্তব পরিস্থিতির অসংগতি যাচাইয়ের আহ্বান জানিয়েছে। গোলাম পরওয়ার আরও অভিযোগ করেন, সরকারের বিভিন্ন পর্যায়ে দলীয়করণ ও দুর্নীতি চলছে। পাশাপাশি সংবিধান সংস্কার নিয়ে বিরোধী দলকে প্রক্রিয়ার বাইরে না রেখে সংসদে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান তিনি।