September 2, 2026, 5:53 am

হাসপাতালে চেইন চুরির অভিযোগ, নারীর পেটে মিলল দুই চেইন

নুশরাত রুমু স্টাফ রিপোর্টার নোয়াখালী

নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরির অভিযোগে সিনারা বেগম (৫০) নামে এক নারীকে আটক করেছে স্থানীয় লোকজন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের আউটডোরে চিকিৎসকের কাছে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে থাকা আরও তিনজন পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে আটক নারীর পেটে চুরি যাওয়া চেইন থাকার সন্দেহে এক্স-রে করা হলে ধাতব বস্তুর উপস্থিতি শনাক্ত হয়।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ রুবেল জানান, সদর উপজেলার দাদপুর ইউনিয়ন থেকে চিকিৎসা নিতে হাসপাতালে আসেন বিবি ফাতেমা নামে এক নারী। আউটডোরে চিকিৎসকের সিরিয়ালে দাঁড়িয়ে থাকার সময় একটি চক্র তাকে লক্ষ্য করে। একপর্যায়ে ধাক্কাধাক্কির মধ্যে তার গলা থেকে দুটি স্বর্ণের চেইন নেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার পর চক্রের কয়েকজন দ্রুত সরে গেলেও সিনারা বেগমকে নিয়ে উপস্থিত লোকজনের সন্দেহ হয়। পরে রোগীর স্বজন ও স্থানীয়রা তাকে আটক করে তল্লাশি চালালেও চেইন দুটি পাওয়া যায়নি। এরপর তার পেটে চেইন থাকার সন্দেহে এক্স-রে পরীক্ষা করা হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক নারীকে হেফাজতে নেয়। ভুক্তভোগী বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি মামলা করতে না চাইলে পুলিশ আইনগত ব্যবস্থা নেয়নি; তবে মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরে আটক নারীকে স্থানীয় ইবনে সিনা হাসপাতালে এন্ডোস্কপি করানো হয়। সংশ্লিষ্টরা জানান, চিকিৎসক রেজাউল ইসলাম পাটোয়ারীর তত্ত্বাবধানে তার পেট থেকে দুটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে। আটক নারীর বাড়ি সিলেট জেলায় বলে জানা গেছে। ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত করছে।



ফেসবুক কর্নার