
ভারতের মহারাষ্ট্রের একটি হাসপাতালের ময়নাতদন্ত কক্ষে (মর্গ) মদ্যপানের আসর বসানোর অভিযোগে চিকিৎসক ডা. বৈভব অবিনাশ মাসকেকে বরখাস্ত করেছে পৌর প্রশাসন। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর শুক্রবার তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার রাতে। এক ব্যক্তি স্বজনের মৃত্যুসনদ নেওয়ার জন্য হাসপাতালের বাইরে সারা রাত অপেক্ষা করার পর কক্ষের ভেতরে দায়িত্বরত চিকিৎসককে মদ্যপ অবস্থায় দেখতে পান বলে অভিযোগ উঠেছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে একটি টেবিলের ওপর খাবার ও বোতল ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। বিষয়টি সামনে আসার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। পিম্পরি-চিঞ্চওয়াড় মিউনিসিপ্যাল করপোরেশনের (পিসিএমসি) অতিরিক্ত কমিশনার কুলদীপ জাঙ্গম অভিযুক্ত চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মীদের কারণ দর্শানোর নোটিশ দিয়ে লিখিত ব্যাখ্যা চান। পরে পৌর কমিশনার বিজয় সূর্যবংশী চিকিৎসককে বরখাস্তের নির্দেশ দেন।
পৌর প্রশাসন জানিয়েছে, চিকিৎসকের এ আচরণ মহারাষ্ট্র সিভিল সার্ভিসেস বিধিমালার গুরুতর লঙ্ঘন। আগামী ১৫ দিনের মধ্যে তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র গঠন করা হবে, এরপর বিভাগীয় তদন্ত সম্পন্ন হবে। সাময়িক বরখাস্ত থাকাকালে ডা. বৈভব পিম্পরি সদর দপ্তর ত্যাগ করতে পারবেন না এবং অন্য কোনো চাকরি বা ব্যবসায় যুক্ত হতে পারবেন না। এ ঘটনায় পৌরসভা পরিচালিত হাসপাতালের তদারকি ও শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে।