
ভারতের গ্রেটার নয়ডার একটি গ্রামে রাতের খাবারে নুডলস খাওয়ার পর একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে খাবার খাওয়ার পর এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা করা হলেও মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হয়নি।
নিহতরা হলেন মহেশ (৩৭), তাঁর স্ত্রী ললিতা (৩৫) এবং তাঁদের তিন সন্তান। দুই ছেলের বয়স ১১ ও তিন বছর এবং মেয়ের বয়স সাত বছর। নয়ডা পুলিশের ভাষ্য অনুযায়ী, স্থানীয় বাসিন্দা ও নিহত দম্পতির মায়ের কাছ থেকে রাতের খাবারে নুডলস খাওয়ার তথ্য পাওয়া গেছে। শনিবার সকালে খবর পেয়ে পুলিশ, ফরেনসিক দল, অ্যাম্বুলেন্স ও খাদ্য নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
গ্রেটার নয়ডার সহকারী পুলিশ কমিশনার রাজীব কুমার সিসোদিয়া জানান, ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ফরেনসিক দল ঘটনাস্থল থেকে বৈজ্ঞানিক প্রমাণ সংগ্রহ করছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে এবং পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।