প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিদিশা সিদ্দিক জামিনে মুক্তি পেয়েছেন। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী বিদিশা সিদ্দিক মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম। তিনি জানান, মঙ্গলবার সকালে বিদিশার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে বিকেল সোয়া ৫টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
এর আগে গত রবিবার বিদিশা সিদ্দিকের করা জামিন আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের একটি বেঞ্চ তাকে জামিন দেন। বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ ওই আদেশ দেন। ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই রায়ে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। রায়ের দিন আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছিল।
মামলার সাজা ও পরবর্তী আইনি প্রক্রিয়ার ধারাবাহিকতায় গত ২৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁ থেকে বিদিশাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আপিলের পাশাপাশি জামিন আবেদন করেন বিদিশা। শুনানি শেষে ২ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির তার জামিন আবেদন নাকচ করেন। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করলে আদালত তাকে জামিন দেন। জামিনের কাগজপত্র যাচাই শেষে মঙ্গলবার তিনি কারাগার থেকে মুক্তি পান।