October 24, 2026, 5:19 pm
শিরোনাম :

শাহজালালের দানবাক্সে তারেক রহমানকে লেখা চিঠি

অভয়নগর প্রতিবেদক

 

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে লেখা একটি চিঠি পাওয়া গেছে। এতে বিএনপির সদস্য হতে এসএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২.৫০ এবং কর্মী হতে এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.৫০ বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছেন লেখক। শনিবার (২৪ অক্টোবর) সকালে মাজারের দানবাক্স ও ডেগে জমা হওয়া টাকা পঞ্চমবারের মতো প্রকাশ্যে গণনার সময় চিঠিটি পাওয়া যায়।

জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে সকাল সাড়ে ৯টায় গণনা কার্যক্রম শুরু হয়। পরে চিঠিটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার আগে কাউকে বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার সুযোগ না দেওয়ার প্রস্তাবও রয়েছে। লেখক চিঠিতে উল্লেখ করেছেন, তিনি ২০১১ সালে রাজনীতিতে যুক্ত হয়েছিলেন এবং একই বছর রাজনীতি থেকে সরে দাঁড়ান। শিক্ষাগত যোগ্যতার ঘাটতি থাকা ব্যক্তিদের কারণে রাজনীতি নিয়ে হতাশার ইঙ্গিত দিয়ে তিনি দলীয় রাজনীতিতে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন।

চিঠির শেষে ইংরেজিতে লেখা রয়েছে, ‘I want the change to come through you’, অর্থাৎ ‘আমি চাই পরিবর্তনটা আপনার মাধ্যমেই আসুক।’ তবে চিঠিতে প্রেরকের নাম-পরিচয় উল্লেখ করা হয়নি। এদিকে, একই দানবাক্সে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করেও একটি চিঠি পাওয়া গেছে। এতে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর কথা উল্লেখ রয়েছে।



ফেসবুক কর্নার