
রোহিঙ্গাদের নিজভূমি মিয়ানমারে দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘের আরও জোরালো সম্পৃক্ততা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শনিবার (২৪ অক্টোবর) ঢাকার একটি হোটেলে ‘জোনটা ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ২৫’ ও বাংলাদেশের ‘জোনটা ক্লাবসমূহ’ আয়োজিত জাতিসংঘ দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বিশ্ব গড়তে কার্যকর জাতিসংঘ ও শক্তিশালী আন্তর্জাতিক সংহতি অপরিহার্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বহুপাক্ষিকতাকে এগিয়ে নেওয়ার বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি উন্নয়ন, শান্তি ও নিরাপত্তা এবং মানবাধিকারের প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। পাশাপাশি জাতিসংঘের শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণ কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘদিনের অবদানের কথা উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী ৮১তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলাদেশের গঠনমূলক অংশগ্রহণের কথা তুলে ধরে সংলাপ, ঐকমত্য ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন। তিনি টেকসই উন্নয়নের জন্য ২০৩০ এজেন্ডা বাস্তবায়নে আন্তর্জাতিক সহায়তা, সাশ্রয়ী অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা বলেন। এ ছাড়া জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি নারীদের অবদানের প্রশংসা করে লিঙ্গভিত্তিক সহিংসতা, ডিজিটাল হয়রানি ও বৈষম্য দূর করার ওপর গুরুত্বারোপ করেন।