October 24, 2026, 10:50 am
শিরোনাম :

২০২৭ শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে চার নতুন পাঠ্যবই

অভয়নগর প্রতিবেদক

 

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চারটি পাঠ্যবই। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, সৃজনশীলতা, নৈতিকতা এবং বাস্তবমুখী দক্ষতা বাড়াতে বইগুলো তৈরি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। আগামী ২৫ অক্টোবর জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসি) সভায় বইগুলোর চূড়ান্ত অনুমোদন দেওয়ার কথা রয়েছে। অনুমোদন পেলে প্রায় দেড় কোটি কপি ছাপানো হবে।

নতুন বইগুলো হলো চতুর্থ শ্রেণির ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণির ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’। এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা জানান, বইগুলোর পাণ্ডুলিপি প্রণয়ন ও যাচাইয়ের কাজ শেষ হয়েছে। অনুমোদনের পর ছাপানোর জন্য পাঠানো হবে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে মুদ্রণকাজ শেষ করার আশা করছেন সংশ্লিষ্টরা।

‘খেলাধুলা’ বইয়ে বিভিন্ন খেলার নিয়ম, আত্মরক্ষার কৌশল, প্রাথমিক চিকিৎসা ও পুষ্টি বিষয়ে ধারণা দেওয়া হবে। ‘বাংলাদেশের সংস্কৃতি’ বইয়ে ভাষা, পোশাক, শিল্পকলা, খাবার ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্য স্থান পেয়েছে। ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বইয়ে দৈনন্দিন অভিজ্ঞতা ও সৃজনশীলতার মাধ্যমে শেখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আর ‘আমার কারিগরি শিক্ষা’ বইয়ে প্রযুক্তি, সমস্যা সমাধান ও হাতে-কলমে দক্ষতা অর্জনের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। সংশ্লিষ্টদের মতে, নতুন বইগুলো মুখস্থনির্ভর পড়াশোনার বাইরে আনন্দময় ও দক্ষতাভিত্তিক শিক্ষার সুযোগ তৈরি করবে।



ফেসবুক কর্নার