
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়ার মধ্যে বাগ্বিতণ্ডার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে সরাইল থানায় জিডিটি করা হয়। তবে বিষয়টি শুক্রবার সন্ধ্যার পর জানাজানি হয়। ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া জিডির বিষয়টি নিশ্চিত করে জানান, সংসদ সদস্যের সঙ্গে থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা তৈরি করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
রুমিন ফারহানার কর্মী-সমর্থকদের দাবি, কয়েক দিন ধরে সংসদ সদস্যের সঙ্গে ওসির দূরত্ব তৈরি হয়েছে। তাঁদের ভাষ্য, সংসদ সদস্য ও তাঁর ব্যক্তিগত সহকারী (পিএস) জাকির হোসেন একাধিকবার ফোন করেও ওসির সাড়া পাননি। এমনকি সংসদ সদস্য নিজের নিরাপত্তা চেয়েও পাননি বলে দাবি করেন তাঁরা। এ পরিস্থিতিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নেতা-কর্মীদের নিয়ে সরাইল থানায় ওসির কক্ষে যান রুমিন ফারহানা। সেখানে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ঘটনার পর রুমিন ফারহানা বলেন, ওসির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা করতে তিনি থানায় গিয়েছিলেন। তাঁর দাবি, অভিযোগগুলোর তারিখ ও বিবরণসহ দুই পাতার একটি তালিকা নিয়ে গেলেও ওসি কোনো সদুত্তর দিতে পারেননি। এদিকে রুমিন ফারহানার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন জানিয়েছেন, ওসির বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়া হবে। শুক্রবার রাত পৌনে ৯টায় তিনি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।