
গাজীপুর মহানগরীর কাশিমপুরের শৈলান এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে আগুন লেগেছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। পথে রয়েছে আরও একটি ইউনিট।
কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে সারাবো ফায়ার সার্ভিস স্টেশনের আরও তিনটি ইউনিট যোগ দেয়। সবশেষে আরও তিনটি ইউনিট যুক্ত হয়ে বর্তমানে মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আরিফুল ইসলাম আরও জানান, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। গোডাউনে প্রচুর খালি কার্টন থাকায় আগুনের ভয়াবহতা বেড়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।