
ঢালিউডের চিত্রনায়িকা পরীমনি এবার জমকালো আয়োজনের বদলে দুই সন্তানকে নিয়ে ঘরোয়া পরিবেশে জন্মদিন উদযাপন করেছেন। শনিবার (২৪ অক্টোবর) তার জন্মদিন। শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে জন্মদিনের বিশেষ মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।
ভিডিওতে দেখা যায়, লাল রঙের গাউন পরে হাসিমুখে জন্মদিনের কেক কাটছেন পরীমনি। পাশে ছিল তার দুই সন্তান ছেলে পূণ্য ও মেয়ে প্রিয়ম। কেক কাটার সময় দুই সন্তানকে মাকে চুমু ও আদরে ভালোবাসা প্রকাশ করতে দেখা যায়। ভিডিওর ক্যাপশনে পরীমনি লেখেন, ‘হ্যাপি বার্থডে টু মি!’ সঙ্গে দেন লাল হৃদয় ও ফুলের ইমোজি।
ব্যক্তিজীবনে নানা চড়াই-উতরাই পেরিয়ে আসা পরীমনির জীবনে দুই সন্তান গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে রয়েছে। সন্তানদের সঙ্গে জন্মদিন উদযাপনের মুহূর্তে মা-সন্তানের ভালোবাসার দৃশ্য ফুটে উঠেছে। ভিডিওটি প্রকাশের পর ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। এর আগে দেশ-বিদেশে জমকালো আয়োজনে জন্মদিন উদযাপন করে আলোচনায় এলেও এবার পারিবারিক আবহেই দিনটির সূচনা করেছেন এই অভিনেত্রী।