
বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে আবারও একসঙ্গে দেখা যাবে আসন্ন সিনেমা ‘কিং’-এ। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া ও বিনোদন সাময়িকী ভ্যারাইটি-এর প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর মুম্বাইয়ে সিনেমাটির একটি জমকালো গানের দৃশ্যধারণ শুরু হওয়ার কথা। গানটির নাচের নির্দেশনায় থাকবেন বৈভবী মার্চেন্ট। এতে সিনেমাটির অন্য অভিনয়শিল্পীদেরও দেখা যেতে পারে। তবে গানটির নাম ও সুরকারসহ অন্যান্য বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমার চিত্রনাট্যে তাঁর সঙ্গে কাজ করেছেন সুজয় ঘোষ, সুরেশ নায়ার ও সাগর পাণ্ড্য। সিনেমাটিতে শাহরুখ ও দীপিকার পাশাপাশি অভিনয় করছেন সুহানা খান, অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, জ্যাকি শ্রফ, রাঘব জুয়াল ও অভয় ভার্মা। বড় পরিসরে নির্মিতব্য সিনেমাটিতে তারকাবহুল অভিনয়শিল্পীদের উপস্থিতি দর্শকদের আগ্রহ বাড়িয়েছে।
২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে শাহরুখ-দীপিকা জুটির যাত্রা শুরু হয়। এরপর ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘পাঠান’ ও ‘জওয়ান’-এ একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। এবার ‘কিং’-এ তাঁদের পুনর্মিলন ঘিরে ভক্তদের মধ্যে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে। শাহরুখের সর্বশেষ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমা ‘ডানকি’ ২০২৩ সালের ডিসেম্বরে মুক্তি পায়। ওই বছর ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’—তিনটি সিনেমা মুক্তি পেয়েছিল তাঁর।