
দুর্গাপূজার ছুটির আমেজ পুরোপুরি শেষ হওয়ার আগেই ঘুরতে বের হয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। এবার দেশের বাইরে নয়, দেশের মধ্যেই ছুটি কাটাচ্ছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কক্সবাজার সমুদ্রসৈকত থেকে তোলা একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
ছবিগুলোতে মিমকে দেখা গেছে নীল প্রিন্টের সাদা টপস, চোখে রোদচশমা ও হাতে স্টাইলিশ হ্যান্ডব্যাগ নিয়ে। চুলে ফুল গুঁজে সৈকতের মনোরম পরিবেশে ভিন্ন সাজে ধরা দিয়েছেন তিনি। এ ছাড়া কক্সবাজারের বেলাভূমিতে সাদা ঘোড়ার পাশে দাঁড়িয়ে এবং ঘোড়ার পিঠে চড়েও বেশ কিছু ছবি তুলেছেন মিম।
প্রকাশিত ছবিগুলোর পটভূমিতে বাজছে ফাহমিদা নবী ও সামিনা চৌধুরীর গাওয়া জনপ্রিয় গান ‘দূর দীপবাসিনী’। ছবিগুলো প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের নজর কাড়ে। মন্তব্যের ঘরে অনেকে তাঁদের ভালো লাগা ও মুগ্ধতার কথা জানিয়েছেন। সৈকতের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে মিমের স্নিগ্ধ সাজও ছবিগুলোতে আলাদা মাত্রা যোগ করেছে।