
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের জনপ্রিয় চরিত্র স্টার-লর্ড আবারও পর্দায় ফিরছে বলে জানিয়েছেন অভিনেতা ক্রিস প্র্যাট। সম্প্রতি ‘দ্য প্লেলিস্ট’-এর ‘বিংওয়ার্দি’ পডকাস্টে অংশ নিয়ে তিনি বলেন, চরিত্রটির প্রত্যাবর্তনের বিষয়ে মার্ভেল স্টুডিওস প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। এ নিয়ে স্টুডিওপ্রধান কেভিন ফাইজ ও প্রযোজক লু ডি’এসপোসিতোর সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে।
ক্রিস প্র্যাট জানান, স্টার-লর্ড ঠিক কবে বা কোন প্রকল্পের মাধ্যমে ফিরবে, তা এখনই প্রকাশ করার অনুমতি তাঁর নেই। এর আগে ‘হ্যাপি স্যাড কনফিউজড’ পডকাস্টে চরিত্রটির ভবিষ্যৎ নিয়ে নিজের কিছু পরিকল্পনার কথাও জানিয়েছিলেন তিনি, যা কেভিন ফাইজের সঙ্গে আলোচনা করেছেন। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলিউম ৩’ সিনেমার শেষেও চরিত্রটির ফিরে আসার ইঙ্গিত ছিল।
ক্রিস প্র্যাট এখন পর্যন্ত মার্ভেলের ছয়টি সিনেমায় স্টার-লর্ড চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাগুলো হলো ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’ সিরিজের তিনটি কিস্তি, ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’, ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ এবং ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’। তবে নতুন কোন সিনেমা বা প্রকল্পে চরিত্রটি ফিরবে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানাননি অভিনেতা।