
সাম্প্রতিক বছরগুলোর তুলনায় এ বছর সারা দেশে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তাঁর ভাষ্য, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব সম্পন্ন হওয়া নির্বাচিত বিএনপি সরকারের উল্লেখযোগ্য সাফল্য।
নাছির উদ্দীন বলেন, এ সাফল্যের পেছনে প্রধানমন্ত্রীর বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্ব রয়েছে। ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে প্রধানমন্ত্রী ধর্মীয় সম্প্রীতি, সহাবস্থান এবং সব সম্প্রদায়ের নিরাপত্তার প্রতি অঙ্গীকারের প্রতিফলন ঘটিয়েছেন। উৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরলস দায়িত্ব পালন এবং সতর্ক নজরদারিরও প্রশংসা করেন তিনি।
ছাত্রদল সম্পাদক বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া তথ্য এবং নোয়াখালীর সদর ও সুবর্ণচরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের অভিজ্ঞতা থেকে তাঁর পর্যবেক্ষণ, এবারের দুর্গাপূজা শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন, “ধর্ম যার যার, নিরাপত্তা ও মর্যাদা সবার।” সব ধর্মের মানুষের নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করে গণতান্ত্রিক, মানবিক ও সম্প্রীতিময় বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।