October 23, 2026, 1:43 pm

ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির জরুরি নির্দেশনা

অভয়নগর প্রতিবেদক

 

ডেঙ্গু প্রতিরোধ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। গত ১৮ অক্টোবর জারি করা নির্দেশনায় শ্রেণিকক্ষ, অফিসকক্ষ, বারান্দা, ছাদ, শৌচাগার ও প্রতিষ্ঠানের আশপাশ নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে দ্রুত অপসারণ করতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা পরিদর্শনের অংশ হিসেবে রাজউক উত্তরা মডেল কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং মিরপুর বাংলা কলেজসহ বিভিন্ন স্থাপনা আকস্মিকভাবে পরিদর্শন করেছেন। এর পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরীসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ, পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, নিয়মিত পানি জমার স্থান শনাক্ত করে তা অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হবে। মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. নাজমুল হক স্বাক্ষরিত নির্দেশনাটি সংশ্লিষ্ট আঞ্চলিক পরিচালক, শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান এবং জেলা, উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।



ফেসবুক কর্নার