October 23, 2026, 2:47 pm

স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদ ইসলামের

অভয়নগর প্রতিবেদক

 

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা ও জ্বালানি খাতে উদ্যোগের অভাবের অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এনসিপির সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ দাবি জানান।

নাহিদ ইসলাম বলেন, আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে আগামী ৩০ অক্টোবর দুপুর ৩টায় ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণবিক্ষোভ করবে এনসিপি। তাঁর অভিযোগ, দেশে চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারত্ব ও সিন্ডিকেটের কারণে জনদুর্ভোগ বাড়ছে। সাংবাদিকদের ওপর হামলা, রাজনৈতিক সহিংসতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার কারণে গ্রেপ্তারের ঘটনাও তুলে ধরেন তিনি। একই সঙ্গে সাইবার আইন বাতিল, জুলাই গণহত্যার বিচার এবং গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানান।

বক্তব্যে নিত্যপণ্যের দাম ও জ্বালানি ব্যয় বৃদ্ধি নিয়েও সরকারের সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক। তিনি দাবি করেন, সরকার পরিবর্তন হলেও রাষ্ট্রীয় ব্যবস্থার মৌলিক পরিবর্তন হয়নি। আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে সরকারের সমঝোতা রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হওয়ায় সাধারণ মানুষ ও বিভিন্ন সংগঠনের ভূমিকার প্রশংসা করে নাহিদ ইসলাম বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আগামী ৩০ অক্টোবরের গণবিক্ষোভে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।



ফেসবুক কর্নার