
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলটির আমীর, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও সংসদ সদস্য ডা. শফিকুর রহমান। সম্মেলনটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়। সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১১টা পর্যন্ত নির্বাচনী অধিবেশনে ২০২৭-২০২৮ সেশনের জন্য ঢাকা মহানগরী উত্তর আমীর নির্বাচনে রুকনরা ভোট দেন। নির্বাচন পরিচালনা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন। তাঁকে সহযোগিতা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নুরুল ইসলাম বুলবুল এমপি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আ. সবুর ফকির। আয়োজকদের তথ্য অনুযায়ী, নির্বাচনে ১৩ হাজারের বেশি রুকন ভোট দেন। সকাল ১১টা থেকে শুরু হয় সাংগঠনিক অধিবেশন।
ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং মহানগরীর সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন এবং ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল এমপি। প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান ধর্মীয় মূল্যবোধ, আত্মশুদ্ধি, সাংগঠনিক শৃঙ্খলা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আল্লাহর সাহায্য ছাড়া কিছুই সম্ভব নয়; তাই তাঁর সাহায্য কামনার পাশাপাশি নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। অতীতের সাংগঠনিক ত্যাগ ও পরিশ্রমের কথা উল্লেখ করে তিনি রুকনদের মানোন্নয়ন এবং জাতীয় নির্বাচনে চিহ্নিত ভুল-ত্রুটি থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, জনগণের ভোটে সমর্থন পাওয়ার পরও তা ছিনিয়ে নেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে একই ভুলের পুনরাবৃত্তি ঠেকাতে সতর্ক থাকার কথা বলেন তিনি।
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সৎ, যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠায় সবাইকে নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা থামব না, আমাদের থামার সুযোগ নেই।” জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কথাও বলেন তিনি। তাঁর বক্তব্যে কুরআনের ভিত্তিতে দেশ পরিচালনার প্রত্যাশা এবং নাগরিক অধিকার রক্ষায় প্রতিবাদের বিষয়টি উঠে আসে। এদিকে সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, রুকনিয়াত কোনো পদ-পদবি নয়, বরং নৈতিক মান ও দায়িত্বশীলতার পরিচয়। সভাপতির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন সংগঠনের সদস্যদের আরও শৃঙ্খলাবদ্ধ ও আস্থাভাজন নেতৃত্ব হিসেবে গড়ে তোলার ওপর জোর দেন। সম্মেলনে ডা. শফিকুর রহমান ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে তৈরি ‘নাগরিক সেবা’ অ্যাপ উদ্বোধন করেন। আয়োজকদের দাবি, অ্যাপটিতে নাগরিকদের জন্য ৫০টিরও বেশি সেবামূলক সুবিধা থাকবে।