October 24, 2026, 5:20 pm
শিরোনাম :

সৌদি বিমানবন্দরে আগুন নেভাতে গিয়ে কর্মীর মৃত্যু

অভয়নগর প্রতিবেদক

 

সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর আগুন নেভাতে গিয়ে প্রাণ হারিয়েছেন বিমানবন্দরের কর্মী সুলতান বিন আলি আল মাসতুর আল কাহতানি। গত বুধবার (২১ অক্টোবর) দায়িত্ব পালনকালে একটি ক্ষেপণাস্ত্র বা প্রক্ষেপণাস্ত্র বিমানবন্দরে আঘাত হানলে আগুনের সূত্রপাত হয়। যাত্রীবাহী উড়োজাহাজে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় সহকর্মীদের সঙ্গে তা নেভানোর কাজে অংশ নেন সুলতান।

সৌদি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিমানবন্দরের ১৯ ও ২০ নম্বর গেটের কাছাকাছি এলাকায় দায়িত্ব পালন করছিলেন তিনি। হাতে বহনযোগ্য অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন সুলতান ও তার সহকর্মীরা। এ সময় ধোঁয়ায় শ্বাসকষ্ট ও বুকে ব্যথা শুরু হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সুলতানের বাবা আলি আল কাহতানি জানান, জরুরি পরিস্থিতিতে ছেলে নিজের নিরাপত্তার চেয়ে যাত্রীদের সুরক্ষাকে অগ্রাধিকার দিয়েছিলেন।

সৌদি গণমাধ্যমের খবরে হামলার জন্য ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দায়ী করা হয়েছে। হামলায় বিমানবন্দরের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। সৌদি বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় সুলতানসহ দুজন নিহত এবং আটজন আহত হয়েছেন। সুলতান স্ত্রী ও ছয় সন্তান রেখে গেছেন। ছেলের মৃত্যুতে শোকের মধ্যেও তার সাহসিকতা নিয়ে গর্ব প্রকাশ করেছেন বাবা আলি আল কাহতানি। অন্যদের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে ছেলের প্রাণ হারানোর ঘটনাকে তিনি আত্মত্যাগ হিসেবে দেখছেন।



ফেসবুক কর্নার