
মার্কিন যৌন অপরাধী ও অর্থদাতা জেফরি এপস্টিনের কাছে পবিত্র কাবা শরিফের গিলাফের মতো নকশাদার কাপড় পাঠানোর তথ্য প্রকাশের পর সৌদি আরবকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। মার্কিন বিচার বিভাগের প্রকাশিত এপস্টিন-সংক্রান্ত নথিতে সৌদি রাজপরিবারের সহযোগীদের মাধ্যমে ওই কাপড় পাঠানোর তথ্য উঠে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। শনিবার (২৪ অক্টোবর) দ্য নিউইয়র্ক টাইমসের তথ্যের ভিত্তিতে এ খবর জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনের হুতি গোষ্ঠী নিজেদের সংবাদমাধ্যম, বক্তব্য, ভিডিও, গান ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে সৌদি আরবের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। গত মাসে মক্কায় হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ তোলে রিয়াদ। তবে হুতি নেতা মাহদি আল-মাশাত এ অভিযোগ অস্বীকার করে দাবি করেন, যারা এপস্টিনকে কাবার গিলাফ উপহার দিয়েছে, তারাই মক্কাকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। এদিকে এক্সে ২৭ লাখের বেশি অনুসারী থাকা ইয়েমেনি কৌতুক অভিনেতা মুস্তফা আল-মোমারি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সমালোচনা করে ভিডিও তৈরি করেছেন। স্থানীয় শিল্পীরাও এ বিষয়ে গান রচনা করেছেন।
হুতি নেতা আব্দুল মালেক আল-হুতি বিভিন্ন বক্তব্যে এপস্টিন-সংক্রান্ত নথির প্রসঙ্গ তুলে এটিকে ইহুদিবাদী প্রক্রিয়ার অংশ হিসেবে বর্ণনা করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, হুতিদের এই প্রচারণা আন্তর্জাতিক পর্যায়েও প্রভাব ফেলছে। ডানপন্থী মার্কিন পডকাস্টার জেক শিল্ডসের মতো ব্যক্তিরাও হুতিদের অবস্থানের প্রশংসা করেছেন। তবে এপস্টিন-সংক্রান্ত নথিতে উঠে আসা তথ্য ও হুতিদের অভিযোগ নিয়ে সৌদি কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।