
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ভুয়া ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে সৌদি সংবাদমাধ্যম ‘দ্য হলি মস্কস’। সংবাদমাধ্যমটি জানিয়েছে, কাবা শরিফের হাজরে আসওয়াদের কাছে এক নারী ও পুরুষের ভিডিওটির সঙ্গে ওই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের কোনো সম্পর্ক নেই। মঙ্গলবার (২০ অক্টোবর) সংবাদমাধ্যমটির এক্স অ্যাকাউন্টের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করে ‘খালিজ টাইমস’।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৪ অক্টোবর মক্কার একটি মসজিদে অশালীন কর্মকাণ্ডের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি কর্তৃপক্ষ। এরপর হাজরে আসওয়াদের কাছে ধারণ করা ওই ভিডিওটি মৃত্যুদণ্ডের ঘটনার সঙ্গে যুক্ত করে বিভিন্ন দাবি ছড়ানো হয়। তবে ‘দ্য হলি মস্কস’ জানিয়েছে, ভিডিওটি ওই ঘটনার প্রমাণ নয় এবং এর সঙ্গে মৃত্যুদণ্ড কার্যকরের কোনো যোগসূত্র নেই। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির নাম নজরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার উল্লেখ করা হয়েছে। তবে অভিযোগের বিস্তারিত ও সংশ্লিষ্ট মসজিদের নাম প্রকাশ করা হয়নি।
এদিকে, দুই বাংলাদেশির বিরুদ্ধে আনা অভিযোগ, বিচারপ্রক্রিয়া এবং মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সৌদি আরবের কাছে বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ। মৃত্যুদণ্ডের আগে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশ দূতাবাসকে বিষয়টি জানিয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। ঘটনা সংশ্লিষ্ট তথ্য যাচাই না করে কোনো ভিডিওকে প্রমাণ হিসেবে প্রচার না করার প্রয়োজনীয়তাও সামনে এসেছে।