October 21, 2026, 7:27 am

ইরানের সঙ্গে সমঝোতা কঠিন, বললেন মার্কো রুবিও

অভয়নগর প্রতিবেদক

 

ইরানের ক্ষমতাসীন সরকার কট্টরপন্থি শিয়া ধর্মীয় নেতাদের নিয়ন্ত্রণে থাকায় তেহরানের সঙ্গে সমঝোতা বা স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানো কঠিন বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার (২০ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানি শাসকেরা দক্ষ আলোচক নন এবং ধর্মীয় মতাদর্শ দ্বারা পরিচালিত হওয়ায় তাঁদের সঙ্গে চুক্তিতে পৌঁছানো অত্যন্ত কঠিন।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান অভিযান শুরু হয়। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে সংঘাত চলছে। সংঘাতের প্রথম দিন হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করে ইরান। জবাবে ইরানের বন্দরগুলোতে পাল্টা অবরোধ জারি করে যুক্তরাষ্ট্র। দুই পক্ষের এসব পদক্ষেপে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় দুই দফা যুদ্ধবিরতি ঘোষণা এবং জুনে অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও উদ্যোগগুলো স্থায়ী সমাধান আনতে পারেনি।

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলারও সমালোচনা করেছেন রুবিও। তিনি এসব হামলাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নজিরবিহীন উল্লেখ করে ইরানের কৌশলের সঙ্গে নাৎসি বাহিনীর সাবমেরিন কৌশলের তুলনা করেন। এদিকে মধ্যস্থতার উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি তেহরান সফর করেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। সেখানে ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফের সঙ্গে বৈঠক করেন তিনি। ঘালিবাফের ভাষ্য অনুযায়ী, অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ সাতটি শর্ত দিয়েছে তেহরান। শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে আলোচনা শুরু করবে না ইরান।



ফেসবুক কর্নার