October 21, 2026, 7:42 am

মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের মজার পোস্ট

অভয়নগর প্রতিবেদক

 

সান্তোসের জার্সিতে নেইমার, ফিলিপে কুতিনহো ও গ্যাবিগোলসহ ব্রাজিলের কয়েকজন পরিচিত ফুটবলারের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন নেইমার। ছবিতে লিওনেল মেসি ও ডেভিড বেকহ্যামকে ট্যাগ করে ক্যাপশনে লিখেছেন, ‘ব্রাজিলের ইন্টার মায়ামি’। ফ্লুমিনেন্সের বিপক্ষে সান্তোসের জয়ের পর দেওয়া এই পোস্টে তারকাসমৃদ্ধ দল নিয়ে রসিকতা করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

ছবিতে নেইমারের সঙ্গে দেখা গেছে রদিনেই, ফিলিপে কুতিনহো, এভারটন সেবোলিনহা, গ্যাবিগোল ও গ্যাব্রিয়েল বনতেম্পোকে। যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির অন্যতম মালিক সাবেক ইংলিশ তারকা ডেভিড বেকহ্যাম। ক্লাবটিতে খেলছেন নেইমারের সাবেক বার্সেলোনা ও পিএসজি সতীর্থ লিওনেল মেসি। দলটিতে আরও রয়েছেন লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পালের মতো তারকা ফুটবলার। ইন্টার মায়ামির তারকাবহুল দলটির সঙ্গে তুলনা টেনেই সান্তোসের সতীর্থদের নিয়ে মজা করেছেন নেইমার।

ফ্লুমিনেন্সের বিপক্ষে ম্যাচে সান্তোসের হয়ে গোল করেন ফিলিপে কুতিনহো। ক্লাবটির জার্সিতে এটিই তাঁর প্রথম গোল। সতীর্থের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে পরে আরেকটি পোস্টে তাঁকে প্রশংসায় ভাসান নেইমার। সেখানে কুতিনহোকে ‘জাদুকর’ আখ্যা দিয়ে লেখেন, ‘ফুটবলের তোমাকে প্রয়োজন, জাদুকর।’



ফেসবুক কর্নার