October 20, 2026, 10:36 am
শিরোনাম :

আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলায় জিকোকে পাঁচ ম্যাচ নিষিদ্ধ করল ফিফা

অভয়নগর প্রতিবেদক

 

বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে রেফারির সিদ্ধান্তের সমালোচনা করায় মিসরের ফুটবলার মোস্তাফা জিকোকে পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। একই ঘটনায় মিসরের কোচ হোসাম হাসানকে তিন ম্যাচ এবং জাতীয় দলের পরিচালক ও তাঁর যমজ ভাই ইব্রাহিম হাসানকে তিন ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সোমবার মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) এক বিবৃতিতে এ তথ্য জানায়। তবে শাস্তির বিস্তারিত কারণ জানতে ফিফার শৃঙ্খলা কমিটির কাছে আবেদন করেছে সংস্থাটি।

গত ৭ জুলাই অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় মিসর। ম্যাচে জিকোর একটি গোল বাতিল হয় এবং স্কোর ২-২ থাকা অবস্থায় পেনাল্টির দাবি জানিয়েও সাড়া পাননি মিসরের খেলোয়াড়েরা। ম্যাচ শেষে রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানান কোচ হোসাম হাসান। অন্যদিকে, ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে রেফারিকে ‘জালিম’ ও ‘অন্যায়কারী’ বলে মন্তব্য করেন জিকো।

ইএফএ জানিয়েছে, ফিফার সিদ্ধান্তের আইনি দিক পর্যালোচনা করে আপিলের বিষয়ে বিবেচনা করা হচ্ছে। রেফারিং নিয়ে অভিযোগের জবাবে ফিফার রেফারিং প্রধান পিয়েরলুইজি কলিনা ম্যাচ পরিচালনার পক্ষে অবস্থান নিয়েছিলেন। তাঁর মতে, এ ধরনের অভিযোগ রেফারি ও তাঁদের পরিবারের সদস্যদের প্রতি হুমকির ঝুঁকি তৈরি করতে পারে। নিষেধাজ্ঞার কারণে আগামী নভেম্বরে আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বে মালাউইয়ের বিপক্ষে মিসরের ম্যাচগুলোতে কোচ হোসাম ও পরিচালক ইব্রাহিমকে নাও পাওয়া যেতে পারে।



ফেসবুক কর্নার