
গত ১০ অক্টোবর নিউইয়র্কে অনুষ্ঠিত হয় ‘ঢালিউড অ্যাওয়ার্ডস ২০২৬’। অনুষ্ঠানে অংশ নিতে সেখানে যান ঢালিউডের একঝাঁক তারকা, তাঁদের মধ্যে ছিলেন অভিনেত্রী তমা মির্জাও। অনুষ্ঠান শেষ হলেও গত কয়েক দিন ধরে নিউইয়র্কেই অবস্থান করছেন তিনি। শহরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর ছবি নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন ভক্তদের সঙ্গে।
সম্প্রতি তমা মির্জার প্রকাশ করা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কেড়েছে। ছবিগুলোতে তাঁকে দেখা গেছে ফরমাল পোশাকে—হালকা অফ-হোয়াইট টপসের ওপর সাদা ওভারকোট এবং চোখে কালো চশমা। নিউইয়র্কের একটি স্ট্রিট ক্যাফের টেবিলে বসেও ছবি তুলেছেন এই অভিনেত্রী।
ছবিগুলোর ক্যাপশনে তমা লিখেছেন, ‘ঝরে পড়া সোনালি পাতার মরশুম এবং কিছু অবিস্মরণীয় মুহূর্ত। নিউইয়র্ক সবসময়ই একটা আলাদা অনুভূতি।’ তাঁর নতুন লুক ও ছবিগুলোতে ভক্ত-অনুরাগীদের পাশাপাশি সহকর্মীরাও মন্তব্যের ঘরে প্রশংসা করেছেন।