October 20, 2026, 11:44 am
শিরোনাম :

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিতের নির্দেশ

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী প্রতিনিধি

 

রাজশাহীর সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের কম উপস্থিতি ও কিন্ডারগার্টেনমুখী প্রবণতা নিয়ে সংবাদ প্রকাশের পর শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা বিভাগ। নগরীর বোয়ালিয়া থানা এলাকার বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের এ নির্দেশ দেওয়া হয়। শনিবার (১৭ অক্টোবর) বোয়ালিয়া থানা প্রাথমিক শিক্ষা অফিসারের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, কোনো শিক্ষার্থী অনুপস্থিত থাকলে প্রথম পিরিয়ডের পরই প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট শ্রেণিশিক্ষককে তার বাড়িতে গিয়ে খোঁজ নিতে হবে।

নির্দেশনায় প্রতিদিনের পাঠ পরিকল্পনা অনুযায়ী পাঠদান, ব্ল্যাকবোর্ড ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণের ব্যবহার এবং শিক্ষার্থীদের পড়া, লেখা ও গণিতের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সহকারী শিক্ষকদের পাঠদান পর্যবেক্ষণ, শিক্ষার্থীদের শিখন ঘাটতি চিহ্নিত করে তা পূরণ এবং নিয়মিত শ্রেণি কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। রাজশাহীর সিলভার জুবিলি, হরিজন, হোসেনীগঞ্জ বালিকা, কারা, গোরহাঙ্গা, রেলস্টেশন ও দরগাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রাজশাহী বিভাগের প্রাথমিক শিক্ষার দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় উপপরিচালক মো. আব্দুস সালাম বলেন, কয়েকটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিদ্যালয়গুলো পর্যবেক্ষণের পাশাপাশি জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। তিনি অভিভাবক ও মা সমাবেশ আয়োজন, নিয়মিত পাঠদান এবং অনুপস্থিত শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে খোঁজ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। সংশ্লিষ্টদের মতে, সরকারি বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সমস্যার প্রকৃত কারণ চিহ্নিত করা এবং অভিভাবকদের আস্থা ফিরিয়ে আনা জরুরি।



ফেসবুক কর্নার