October 20, 2026, 11:04 am

নির্বাচনের আট দিন আগে ইসরায়েলে হেগসেথ, নেতানিয়াহুর সঙ্গে বৈঠক

অভয়নগর প্রতিবেদক

 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সোমবার (১৯ অক্টোবর) ইসরায়েলে অনুষ্ঠিত এ বৈঠকের বিষয়টি আগে থেকে ঘোষণা করা হয়নি। ইসরায়েলের নির্বাচনের আট দিন আগে এবং ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরুর সম্ভাবনা নিয়ে ওয়াশিংটন ও তেলআবিবের আলোচনার মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট সংশ্লিষ্ট সূত্রের বরাতে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। তবে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, দক্ষিণ ইসরায়েলের ওভদা বিমানঘাঁটিতে বৈঠকটি হয়। এতে সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন বলে জানা গেছে। ওই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহকারী বিমান ও যুদ্ধবিমান মোতায়েন রয়েছে।

সফরকালে বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনাসদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন হেগসেথ। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সফর ও বৈঠকসংক্রান্ত একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘আমাদের দেশের সেরারা, এক ঐতিহাসিক মিশনে। ঈশ্বর আপনাদের সহায় হোন।’ তবে বৈঠকে ইরান নিয়ে কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।



ফেসবুক কর্নার