October 19, 2026, 3:28 pm
শিরোনাম :

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাঘি

অভয়নগর প্রতিবেদক

 

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মেহরদাদ আখলাঘি কেতাবচিকে অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। রোববার (১৮ অক্টোবর) তাঁর পক্ষে ২৩৭ জন আইনপ্রণেতা ভোট দেন, বিপক্ষে ছিলেন ১৫ জন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যে দায়িত্ব নিলেন ৬৮ বছর বয়সী এই সামরিক প্রযুক্তি বিশেষজ্ঞ। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। এরপর থেকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন মজিদ ইবনে রেজা, যিনি এখন উপপ্রতিরক্ষামন্ত্রী হিসেবে থাকবেন।

আখলাঘির দক্ষতার ক্ষেত্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, কঠিন জ্বালানির রকেট ইঞ্জিন, মহাকাশ প্রযুক্তি ও সামরিক পণ্য উৎপাদন। এর আগে তিনি শাহিদ বাঘেরি ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ, অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশন এবং ডিফেন্স ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের প্রধান ছিলেন। তাসনিম নিউজের তথ্য অনুযায়ী, ইরানের ‘সেজিল’ ও ‘জুলফিকার’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ‘আলমাস’ ক্ষেপণাস্ত্র এবং ‘ইয়াসিন’ গাইডেড বোমা তৈরিতে তাঁর ভূমিকা ছিল। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন তিনি। হামলায় ক্ষতিগ্রস্ত সামরিক শিল্প পুনর্গঠন ও সম্প্রসারণ এখন তাঁর অন্যতম দায়িত্ব।

নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে আখলাঘি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে উদ্দেশ করে তিনি বলেন, অঞ্চল থেকে মার্কিন বাহিনীকে নিরাপদে ফিরিয়ে নেওয়ার বিষয়টি তাদের ভাবতে হবে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান আগে আক্রমণ করবে না, তবে আক্রান্ত হলে দেশের অখণ্ডতা রক্ষায় শেষ পর্যন্ত লড়বে। সামরিক শিল্পের বিকাশ, আকাশ প্রতিরক্ষা জোরদার, নতুন প্রযুক্তির ব্যবহার ও আন্তর্জাতিক সামরিক সহযোগিতাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন আখলাঘি।



ফেসবুক কর্নার