
বয়সের ৫৯ বছরের ব্যবধান উপেক্ষা করে বিয়ে করেছেন ২১ বছর বয়সী এক তুর্কি তরুণ ও ৮০ বছর বয়সী এক ইতালীয় নারী। তাঁদের বিয়ের খবর ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক পরিসরে আলোচনা তৈরি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কে ছুটি কাটাতে গিয়ে ওই নারীর সঙ্গে তরুণের পরিচয় হয়। পরে বন্ধুত্ব থেকে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
ভাষাগত পার্থক্য ও বয়সের ব্যবধান সত্ত্বেও তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই যুগল। তাঁদের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে ভালোবাসা ও ব্যক্তিগত স্বাধীনতার উদাহরণ হিসেবে দেখছেন, আবার কেউ নাগরিকত্ব ও আর্থিক স্বার্থের বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করছেন।
তবে এসব সমালোচনার জবাবে নবদম্পতি জানিয়েছেন, বয়স তাঁদের কাছে কেবল একটি সংখ্যা। পারস্পরিক সম্মান ও ভালোবাসাই তাঁদের বিয়ের সিদ্ধান্তের মূল ভিত্তি বলে উল্লেখ করেছেন তাঁরা। সূত্র: জে এন।