
ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের দেশের সব মানুষের সবচেয়ে বড় পরিচয়, আমরা সবাই এই দেশের সন্তান।’
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গণতন্ত্র রক্ষার আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে সব ধর্মের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই-সংগ্রাম করেছেন। এসব আন্দোলনে কারও ধর্মীয় পরিচয় মুখ্য ছিল না। তিনি বলেন, প্রত্যেক নাগরিকের সমান অধিকার ও কর্তব্য রয়েছে। নাগরিক হিসেবে নিরাপত্তা পাওয়াও সব ধর্মের মানুষের মৌলিক অধিকার।
‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ উল্লেখ করে তারেক রহমান বলেন, বিভেদ ভুলে পরস্পরের পাশে দাঁড়াতে হবে এবং সবাইকে মানুষ হিসেবে বিবেচনা করতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।