
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানত দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহির আওতায় আনা হচ্ছে না। দেশবাসী তাকিয়ে আছে, স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন। তাঁর অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে সংবিধান নিয়ে ব্যস্ত রয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে শ্রী শ্রী পূর্ব বাড্ডা নিমতলা কালীমন্দির পরিদর্শনকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিনি আরও বলেন, ইশরাক হোসেন ফৌজদারি অপরাধ করেছেন বলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এর আগে ‘মিস্টি’ পদত্যাগ করলেও তাঁকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। এক ব্যক্তির ইচ্ছা, অনুরোধ বা নির্দেশে দেশ চলছে উল্লেখ করে নাহিদ বলেন, এটি গণতন্ত্র ও আইনের শাসনের উদাহরণ নয়।
সংবিধান সংশোধন কমিটি নিয়েও সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক। তাঁর অভিযোগ, কমিটির কার্যক্রমের মাধ্যমে সরকার নাটক করছে এবং জনগণ কমিটিকে প্রত্যাখ্যান করেছে। দলীয় বুদ্ধিজীবীদের নিয়ে বৈঠক করে বিএনপি নিজেদের মেনে নেওয়া সংস্কারের বিরোধিতায় বক্তব্য দিচ্ছে বলেও দাবি করেন তিনি। পরিদর্শনকালে এনসিপির মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।