
জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্যের সমালোচনা করে প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, যারা সরকারকে সহযোগিতা করবে না, তারা কীভাবে জনগণকে সহযোগিতা করবে? জামায়াত আমিরের সাম্প্রতিক কিছু বক্তব্যকে ‘আউল-ফাউল’ উল্লেখ করে তিনি বলেন, এসব বক্তব্য শুনে মানুষ হাসি-তামাশা করছে। জামায়াত আমির একসময় জাসদ ছাত্রলীগের নেতা ছিলেন উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, তাঁর বক্তব্যে এখনো ছাত্রলীগের ধরন লক্ষ করা যাচ্ছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় বারোয়ারী পূজামন্দিরে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শরিক দল এনসিপিরও সমালোচনা করেন রাশেদ খাঁন। তিনি বলেন, যারা একাত্তরে বাংলাদেশ চায়নি, তাদের সঙ্গে জোট করে বাংলাদেশ গঠন করা যাবে না।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ—তা বারবার প্রমাণিত হয়েছে এবং ঐতিহাসিকভাবেও এর প্রমাণ রয়েছে। এই সম্প্রীতি রক্ষা করতে তাঁদের কোনো দ্বিধা নেই বলে জানান তিনি।