October 19, 2026, 5:15 pm

ছাদের পলেস্তারা খসে পড়ছে, ঝুঁকিতে ভিক্টোরিয়ার শিক্ষার্থীরা

অভয়নগর প্রতিবেদক

 

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের কবি নজরুল হলের জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে বসবাস করছেন আবাসিক শিক্ষার্থীরা। ১৯৬০ সালে নির্মিত হলটিতে ৬৬ বছরেও বড় ধরনের সংস্কার হয়নি। ফলে ছাদের পলেস্তারা খসে পড়ছে, ভেঙে গেছে দরজা-জানালাসহ বিভিন্ন অংশ। গত শনিবার (১৮ অক্টোবর) গভীর রাত আড়াইটার পর হলের ৩৪৫ নম্বর কক্ষে এক শিক্ষার্থীর খাটের মশারির ওপর ছাদের পলেস্তারা খসে পড়ে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

আবাসিক শিক্ষার্থী আরিফ হোসেন ও সাইফুল ইসলাম জানান, হলের জরাজীর্ণ অবস্থার কারণে তাঁদের মধ্যে সব সময় আতঙ্ক বিরাজ করে। দ্রুত সংস্কার করা না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। শিক্ষার্থীদের নিরাপদ আবাসন নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ অংশ মেরামত ও প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়ার দাবি জানান তাঁরা। রোববার (১৯ অক্টোবর) হলের তিনতলা ভবন ঘুরে বিভিন্ন স্থানে ছাদের পলেস্তারা খসে পড়া, ভাঙা দরজা-জানালা ও অবকাঠামোর জরাজীর্ণ অবস্থা দেখা যায়।

হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক নূর মোহাম্মদ হারেছী জানান, ছাদের পলেস্তারা খসে পড়ার ঘটনায় কেউ আহত হননি। কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাসার ভূঞা বলেন, সকালে তাঁরা হলটি পরিদর্শন করেছেন। গত কয়েক বছরে কিছু সংস্কার করা হয়েছে। বড় ধরনের সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে বলেও জানান তিনি।



ফেসবুক কর্নার