October 19, 2026, 6:10 pm

বাংলাদেশকে ৪৭-১৩ গোলে হারিয়ে ফাইনালে ভারত

অভয়নগর প্রতিবেদক

 

বেগম খালেদা জিয়া নারী আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। সোমবার (১৯ অক্টোবর) পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকদের ৪৭-১৩ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। ম্যাচের প্রথমার্ধে ২৪ গোল হজমের বিপরীতে বাংলাদেশ করেছিল মাত্র ৮ গোল। বিরতির পরও ভারতের আক্রমণ সামলাতে পারেনি বাংলাদেশের মেয়েরা।

ম্যাচ শেষে বাংলাদেশ দলের কোচ আনা আলোনসো বলেন, শারীরিক সক্ষমতা ও হ্যান্ডবলের দক্ষতায় ভারতের সঙ্গে বাংলাদেশের বড় ব্যবধান রয়েছে। স্বল্পমেয়াদি ক্যাম্পে এই ঘাটতি পূরণ সম্ভব নয় উল্লেখ করে তিনি খেলোয়াড়দের সারা বছর ফিটনেস ধরে রাখা ও নিয়মিত অনুশীলনের ওপর গুরুত্ব দেন। গোলপোস্টের নিচে লড়াই করা বাংলাদেশি গোলরক্ষক সুমাইয়া আক্তারও আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাঁর মতে, ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে লড়তে হলে মানসম্মত প্রস্তুতি ও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা জরুরি। ২০১৯ সালের এসএ গেমসের পর সিনিয়র পর্যায়ে নিয়মিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাননি বাংলাদেশের মেয়েরা।

ভারতের হয়ে একাই ১৩ গোল করে ম্যাচসেরা হয়েছেন ভাওয়ানা। নেপালকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করলেও ভারতের কাছে হেরে চাপে পড়েছে বাংলাদেশ। তবে স্বাগতিকদের ফাইনালে ওঠার সম্ভাবনা এখনো রয়েছে। আগামীকাল নিজেদের পরবর্তী ম্যাচে মালদ্বীপকে হারাতে পারলে ফাইনালে ওঠার সুযোগ পাবে বাংলাদেশ। সেক্ষেত্রে ফাইনালে আবারও ভারতের মুখোমুখি হতে পারে দলটি।



ফেসবুক কর্নার