October 19, 2026, 7:06 pm

চাটখিলে সাধারণ বাড়ির বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা

অভয়নগর প্রতিবেদক

 

নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের হরিকৃষ্ণপুর গ্রামের বড় তফদার বাড়ির একটি আবাসিক মিটারে সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিল এসেছে ১ লাখ ১০ হাজার ৪৯৬ টাকা। বাড়িটিতে কয়েকটি বাতি, দুটি ফ্যান, একটি ফ্রিজ ও একটি আইপিএস ব্যবহার করা হয়। আগে মাসে গড়ে প্রায় ১ হাজার ৩০০ টাকা বিল আসত। মিটারটি মৃত আবু তাহেরের নামে নিবন্ধিত; বর্তমানে ব্যবহার করছেন তাঁর নাতি শহীদুল ইসলাম ওরফে রনি।

শহীদুল ইসলাম জানান, গত পাঁচ মাসে তাঁদের বাড়িতে গড়ে ১৮৭ ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে। অথচ সেপ্টেম্বরের বিলে ৬ হাজার ইউনিট ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে। নিয়মিত বিল পরিশোধ করেও এমন অস্বাভাবিক বিল পেয়ে তাঁরা হতবাক। বিষয়টি বিল বিতরণকর্মীকে জানালে তিনি চাটখিল কার্যালয়ে গিয়ে বিল সংশোধনের পরামর্শ দেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান শহীদুল ইসলাম।

নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির চাটখিল আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জুনায়েদুর রহমান প্রথমে বিলের কপি না দেখে মন্তব্য করতে চাননি। পরে মূল বিলের কপি পাওয়ার পর তিনি ভুলের বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, শিগগিরই কর্মীরা গ্রাহকের বাড়িতে গিয়ে মিটার পরীক্ষা করবেন এবং দ্রুত বিল সংশোধন করা হবে।



ফেসবুক কর্নার