
বলিউড তারকা দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের প্রেমের গল্পে রয়েছে মজার এক স্মৃতি। কারিনাকে বিয়ের প্রস্তাব দিতে তিনটি জায়গায় চেষ্টা করতে হয়েছিল সাইফকে। মুম্বাই ও গ্রিসে প্রস্তাব দিয়েও সম্মতি না পেয়ে শেষ পর্যন্ত প্যারিসে গিয়ে কারিনার মন জয় করেন তিনি। সম্প্রতি কপিল শর্মার অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হয়ে প্রেমের শুরুর দিকের এই ঘটনা শেয়ার করেন দুজন।
অনুষ্ঠানে কারিনা জানান, প্রথমবার মুম্বাইয়ে সাইফ তাঁকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু সেবার সম্মতি দেননি তিনি। পরে গ্রিসেও একই প্রস্তাব দেন সাইফ। সেখানেও অপেক্ষা করতে হয় তাঁকে। অবশেষে প্যারিসে গিয়ে সাইফের প্রস্তাবে রাজি হন কারিনা। ঘটনাটি বলতে গিয়ে সাইফ রসিকতা করে বলেন, মুম্বাইয়েই কারিনা রাজি হয়ে গেলে তাঁর অনেক টাকা বেঁচে যেত। তাঁর এই মন্তব্যে অনুষ্ঠানে হাসির রোল পড়ে যায়।
২০০৭ সালে ‘তাশান’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে সাইফ ও কারিনার ঘনিষ্ঠতা বাড়ে। কয়েক বছর প্রেমের পর ২০১২ সালের অক্টোবরে বিয়ে করেন তাঁরা। দীর্ঘ দাম্পত্য জীবনে এই তারকা দম্পতির সম্পর্কের রসায়ন যেমন ভক্তদের আগ্রহের বিষয়, তেমনি তাঁদের প্রেমের শুরুর দিকের এমন মজার স্মৃতিও আলোচনায় আসে।