October 19, 2026, 9:32 am

বিয়েতে রাজি করাতে এক বছর বিজয়ের পেছনে রাশমিকা

অভয়নগর প্রতিবেদক

 

বিজয় দেবেরাকোন্ডাকে বিয়েতে রাজি করাতে এক বছর ধরে চেষ্টা করেছিলেন রাশমিকা মান্দানা। এমনকি শতবারেরও বেশি বিয়ের প্রসঙ্গ তুলেছিলেন তিনি। সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর নবম সিজনের নতুন পর্বের ট্রেলারে নিজেদের বিয়ের এমন মজার গল্প তুলে ধরেন এই তারকা দম্পতি। বিজয় জানান, রাশমিকাই প্রথম বিয়ের কথা বলেছিলেন। রাশমিকাও স্বীকার করেন, তিনি এক বছর ধরে বিজয়ের পেছনে লেগেছিলেন।

অনুষ্ঠানে দ্রুত প্রশ্নোত্তর পর্বে রাশমিকাকে আল্লু অর্জুন ও রণবীর কাপুরের মধ্যে একজনকে বেছে নিতে বলা হলে তিনি আল্লু অর্জুনের নাম নেন। অন্যদিকে, রাশমিকা ছাড়া আর কোন অভিনেত্রীর সঙ্গে বিজয়ের পর্দার রসায়ন ভালো—এমন প্রশ্নের উত্তর দেওয়ার আগেই রাশমিকা বলে ওঠেন, ‘কারও সঙ্গেই না।’ স্ত্রীর কথায় সায় দিয়ে বিজয় রসিকতা করে বলেন, সংসার জীবনের প্রথম নিয়ম হলো স্ত্রীর সব কথায় সায় দেওয়া।

২০১৮ সালে মুক্তি পাওয়া তেলেগু রোমান্টিক সিনেমা ‘গীত গোবিন্দম’-এ প্রথম একসঙ্গে অভিনয় করেন বিজয় ও রাশমিকা। পরের বছর ‘ডিয়ার কমরেড’ ছবিতেও তাদের রসায়ন দর্শকের নজর কাড়ে। এরপর তাদের প্রেম নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিন প্রকাশ্যে কথা বলেননি তারা। অবশেষে চলতি বছরের ফেব্রুয়ারিতে তেলেগু ও কোডাভা ঐতিহ্য মেনে বিয়ে করেন এই জুটি। বর্তমানে রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত ‘রণবলী’ সিনেমায়ও একসঙ্গে অভিনয় করেছেন তারা। গত ১৬ অক্টোবর মুক্তি পাওয়া ছবিটি বাণিজ্যিকভাবে ভালো সাড়া পাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।



ফেসবুক কর্নার