October 19, 2026, 8:31 am

জুলাইকে ধারণ করে না বিরোধী দল, অভিযোগ প্রধানমন্ত্রীর

অভয়নগর প্রতিবেদক

 

বিরোধী দল জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও বিরোধীদলীয় নেতা উপস্থিত হননি। তাঁর মতে, এতে শহীদ পরিবারগুলোকেও অবজ্ঞা করা হয়েছে।

তারেক রহমান বলেন, বিরোধিতার নামে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করলে জুলাইয়ের শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে। বিরোধী দলের সরকারের সমালোচনা করার অধিকার রয়েছে, তবে তা গঠনমূলক হওয়া উচিত। তিনি বলেন, একই মঞ্চে বসতে আপত্তি থাকলে বিরোধীদলীয় নেতা শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে বসতে পারতেন। নির্বাচনে জনগণের রায়ের ভিত্তিতেই বিএনপি সরকার গঠন করেছে এবং বিরোধী দলও জনসমর্থন পেয়েছে বলে উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই আন্দোলনের লক্ষ্য ছিল গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা। জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জুলাই স্মৃতিস্তম্ভে ৮১৩ জন শহীদের নাম লিপিবদ্ধ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাঁদের আত্মত্যাগের বিনিময়ে জনগণ নিজেদের পছন্দের সরকার নির্বাচনের সুযোগ পেয়েছে। আগামী পাঁচ বছর জনগণের রায়ের ভিত্তিতে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে বলেও জানান তিনি।



ফেসবুক কর্নার