October 19, 2026, 9:33 am

বন্দুক জ্যাম, অল্পের জন্য প্রাণে বাঁচলেন টাইগার শ্রফ

অভয়নগর প্রতিবেদক

 

মুম্বাইয়ের জুহুতে রোববার রাতে বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। হামলাকারীর বন্দুক জ্যাম হয়ে যাওয়ায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান অভিনেতা। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজ ও মোবাইল ভিডিওতে দেখা যায়, পার্কে ফুটবল খেলে নিজের বিএমডব্লিউ গাড়িতে উঠছিলেন টাইগার। এ সময় তিন হামলাকারী গাড়ি লক্ষ্য করে গুলি চালান। তাদের ছোড়া প্রায় ১০ রাউন্ড গুলিতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, দুই হামলাকারী গাড়ির উইন্ডস্ক্রিন ও জানালার কাচ ভেদ করে টাইগারকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করেন। এ সময় বন্দুক জ্যাম হয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যান। অভিনেতার গাড়িচালক ফিরদৌস সাহসিকতার সঙ্গে গাড়ি থেকে নেমে পড়েন। পরে হামলাকারীরা একটি বাইকে চড়ে ঘটনাস্থল ত্যাগ করেন। হামলায় ফিরদৌস গুরুতর আহত হন। পুলিশ জানিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন তার অবস্থা স্থিতিশীল। স্থানীয় এক অটোরিকশাচালকও সামান্য আহত হয়েছেন। চালক আহত হওয়ার পর টাইগার নিজেই গাড়ির স্টিয়ারিং হাতে নিয়ে ঘটনাস্থল ছাড়েন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একজন হামলাকারীকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তার পরিচয় প্রকাশ করা হয়নি। এদিকে, হামলার দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এক বিবৃতিতে অভিনেতা সালমান খানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও হুমকি দেওয়া হয়েছে। ঘটনাটি ঘিরে বলিউড অঙ্গনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।



ফেসবুক কর্নার