October 19, 2026, 5:17 pm

ফজরের পর থেকে শেষ রাত পর্যন্ত কাজ করেন প্রধানমন্ত্রী: আইনমন্ত্রী

অভয়নগর প্রতিবেদক

 

প্রধানমন্ত্রী তারেক রহমান ফজরের নামাজের পর থেকে প্রায় শেষ রাত পর্যন্ত কাজ করেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী মাত্র চার ঘণ্টা ঘুমান। দেশ গড়তে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, সে লক্ষ্যেই তাঁরা কাজ করে যাচ্ছেন।

এদিন ঝিনাইদহে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের (পিটিআই) নতুন ভবন উদ্বোধন করেন আইনমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন উপস্থিত ছিলেন। স্থানীয় নির্বাচন প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, সরকার আগের নির্বাচনগুলোর চেয়ে ভালো নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, কেউ মানুষের প্রত্যাশার পরিপন্থী কাজ করলে প্রধানমন্ত্রী চূড়ান্ত ব্যবস্থা নেবেন। সরকারের ঘনিষ্ঠ হলেও কেউ আইনের ঊর্ধ্বে নন। বিসিআইসি সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, এমন কোনো অনিয়মের খবর তিনি পাননি এবং নিয়োগ ও সার বরাদ্দে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

এর আগে সকাল সাড়ে ৯টায় ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন আইনমন্ত্রী। সভায় চিকিৎসাসেবার মানোন্নয়ন, জনবলসংকট নিরসন ও হাসপাতালের ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানোর পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সভায় জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, শৈলকূপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার