
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিচারিক রায়ের কপি চেয়েছে বাংলাদেশ। রায়ের কপি হাতে পাওয়ার পর সৌদি আরবের সঙ্গে আলোচনা করে মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, ২০২৩ সালে অভিযুক্তদের আটক করে সৌদি আরবের পুলিশ। এ সময়ের মধ্যে তাদের পরিবারের কোনো সদস্য সরকারের সঙ্গে যোগাযোগ করেননি। রায়ের কপি হাতে এলে তাদের পরিচয় এবং দুজনের মধ্যে কী সম্পর্ক ছিল, তা জানা যাবে। এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছিলেন, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে দুই দেশের তথ্য আদান-প্রদানে ঘাটতি রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা আমলের যাঁরা দেশকে অস্থিতিশীল করার সঙ্গে যুক্ত, তাঁদের বিচারের আওতায় আনা হবে। অন্যদিকে শামা ওবায়েদ বলেন, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা ভারতে বসে কী মন্তব্য করছেন, তা নিয়ে প্রতিক্রিয়া জানানো সময়ক্ষেপণ।