
বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিক সদস্যদের পরিবার, শ্রমিক সদস্যদের মেয়ের বিয়ে এবং এক বৃদ্ধ পঙ্গু শ্রমিককে মোট ৬৭ লাখ ৪৭ হাজার ২৯৫ টাকা এককালীন আর্থিক অনুদান দেওয়া হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় ইসলামপুর হরিগাড়ীতে ইউনিয়নের মোটর ড্রাইভিং ট্রেনিং স্কুল সম্মেলন কক্ষে আয়োজিত শ্রমিক সভায় এসব অনুদানের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মো. আব্দুল হামিদ মিটুল।
প্রধান অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান এবং প্রধান আলোচক ছিলেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম)। ইউনিয়ন সূত্রে জানা যায়, ২০৭ জন মৃত শ্রমিক সদস্যের পরিবারকে জনপ্রতি ৩০ হাজার ১ টাকা করে মোট ৬২ লাখ ১০ হাজার ২০৭ টাকা দেওয়া হয়। এ ছাড়া ৮৭ জন শ্রমিক সদস্যের মেয়ের বিয়ে উপলক্ষে জনপ্রতি ৬ হাজার ১ টাকা করে মোট ৫ লাখ ২২ হাজার ৮৭ টাকা এবং একজন বৃদ্ধ পঙ্গু শ্রমিককে ১৫ হাজার ১ টাকা সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সামছুজ্জামান সামছু ও কার্যনির্বাহী কমিটির নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রচার সম্পাদক মো. সাজ্জাদ হোসেন পিন্টু। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের আর্থিক সহায়তা শ্রমিকদের পরিবারের দুর্দিনে পাশে দাঁড়ানোর পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও ঐক্যকে আরও সুদৃঢ় করবে।