October 20, 2026, 11:06 am

সাদা শাড়ি ও বেলি ফুলে বাঙালি সাজে মুগ্ধ করলেন জয়া

অভয়নগর প্রতিবেদক

 

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন-সচেতনতার কারণেও নিয়মিত আলোচনায় থাকেন দুই বাংলার অভিনেত্রী জয়া আহসান। কখনো আধুনিক, আবার কখনো ঐতিহ্যবাহী দেশীয় সাজে ভক্তদের নজর কাড়েন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন সাজের কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

ছবিতে জয়ার পরনে দেখা গেছে অফ-হোয়াইট সুতি শাড়ি, যার পাড়জুড়ে রয়েছে ধূসর-গোলাপি নকশা। শাড়ির সঙ্গে সামঞ্জস্য রেখে পরেছেন ব্লাউজ। কানে ভারী দুল, হাতে অলংকার আর খোলা চুলে বেলি ফুলের গাজরা তাঁর বাঙালি সাজে যোগ করেছে ভিন্ন মাত্রা। কখনো পেছন ফিরে চুলের গাজরা দেখিয়েছেন, আবার কখনো মুচকি হাসিতে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন।

ছবিগুলোর ক্যাপশনে বাউল সম্রাট শাহ আবদুল করিমের পরিচিত গানের কয়েকটি পঙ্‌ক্তি তুলে ধরেছেন জয়া। ক্যাপশনে তিনি লিখেছেন, “সখি তোরা প্রেম করিয়ো না, পিরিত ভালা না, প্রেম করছে যে জন জানে সে জন পিরিতের কি বেদনা।” তাঁর স্নিগ্ধ সাজ ও কাব্যিক ক্যাপশন ভক্ত-অনুরাগীদের নজর কেড়েছে। মন্তব্যের ঘরে অনেকেই অভিনেত্রীর রূপের প্রশংসা করেছেন।



ফেসবুক কর্নার