October 21, 2026, 7:27 am

প্রধানমন্ত্রীর চাওয়াতেই ইশরাকের পদত্যাগ, বললেন জামায়াত আমির

অভয়নগর প্রতিবেদক

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী চেয়েছেন বলেই মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ইশরাক হোসেন। মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম সফরে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ইশরাকের পদত্যাগকে তাঁর দলের সিদ্ধান্তের বিষয় বলেও উল্লেখ করেন জামায়াত আমির।

মাদকবিরোধী অভিযানে ইশরাকের অস্ত্র হাতে নেওয়ার বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, মাদক সমাজকে ধ্বংস করে দিচ্ছে। ওই পরিস্থিতিতে ইশরাকের যা করা দরকার ছিল, তিনি তা করেছেন। অভিযানে পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। তবে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো বলে মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন, ইশরাকের কাজকে সরাসরি নেতিবাচক বলার সুযোগ নেই। তবে একজন জনপ্রতিনিধি বা প্রতিমন্ত্রী প্রকাশ্যে অস্ত্র বহন করলে কিংবা কাউকে অস্ত্র তাক করলে, উদ্দেশ্য ভালো হলেও অন্যরা সেটিকে খারাপ কাজে ব্যবহারের দৃষ্টান্ত হিসেবে নিতে পারে। মাদক নির্মূল প্রসঙ্গে তিনি বলেন, সংসদে মাদক নিয়ন্ত্রণ আইন পাস হয়েছে। তাঁদের লক্ষ্য শুধু মাদক নিয়ন্ত্রণ নয়, বরং নির্মূল করা। এ জন্য আইন প্রণয়নের পাশাপাশি বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।



ফেসবুক কর্নার