October 21, 2026, 7:42 am

বিতর্কিত ভিডিও নিয়ে নিজের অবস্থান জানালেন মাহমুদউল্লাহ

অভয়নগর প্রতিবেদক

 

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান জমজম ব্রাদার্সের একটি ব্যবসায়িক প্রকল্পের প্রচারমূলক ভিডিও ঘিরে তৈরি হওয়া বিতর্কে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। সাংবাদিক জুলকারনাইন সায়েরের একটি ফেসবুক পোস্টের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে। ওই পোস্টে দাবি করা হয়, বাংলাদেশের জাতীয় দলের এক সাবেক ক্রিকেটার ভানুয়াতুর নাগরিকত্বে বিনিয়োগের বিষয়টি প্রচার করছেন। এ ধরনের বিনিয়োগের অর্থ বিদেশে পাঠানোর বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে মাহমুদউল্লাহ জানান, কয়েক দিন আগে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে জমজম ব্রাদার্সের সঙ্গে তাঁর প্রথম পরিচয় হয়। তাঁদের আমন্ত্রণে অফিসে গেলে প্রতিষ্ঠানটির একটি নতুন ব্যবসায়িক প্রকল্পের বিষয়ে ভিডিও করার অনুরোধ জানানো হয়। তবে প্রকল্পটি সম্পর্কে আগে থেকে তাঁর কোনো ধারণা ছিল না এবং এর সঙ্গে তাঁর কোনো ব্যবসায়িক বা আর্থিক সম্পৃক্ততাও নেই বলে উল্লেখ করেন তিনি। বিষয়টি জানার পর তাঁর অনুরোধে কয়েক ঘণ্টার মধ্যে প্রতিষ্ঠানটির সব সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ভিডিওটি সরিয়ে নেওয়া হয়।

মাহমুদউল্লাহ বলেন, পুরো ক্যারিয়ারে ব্যক্তিগত ও পেশাগত জীবনে বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করেছেন তিনি। অনিচ্ছাকৃত এই ঘটনায় কেউ কষ্ট পেয়ে থাকলে কিংবা বিভ্রান্তির সৃষ্টি হলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন। ভবিষ্যতে এ ধরনের বিষয়ে আরও সতর্ক থাকার আশ্বাস দিয়ে সবার ভালোবাসা, সমর্থন ও বোঝাপড়ার জন্য ধন্যবাদ জানান এই ক্রিকেটার।



ফেসবুক কর্নার