
মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে দীর্ঘদিনের ‘তেলের বদলে নিরাপত্তা’ নীতি থেকে সরে আসছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ওই অঞ্চলে নিজেদের আধিপত্য বজায় রাখার নীতিও পরিবর্তন করছে দেশটি। মঙ্গলবার (২০ অক্টোবর) কাতারের রাজধানী দোহায় গ্লোবাল সিকিউরিটি ফোরামে এ কথা জানান যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কূটনীতিক টম ব্যারাক।
তুরস্কে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও সিরিয়াবিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করা টম ব্যারাক বলেন, নীতি পরিবর্তন করলেও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য ছেড়ে যাবে না। বরং দীর্ঘদিন ধরে সরকার পরিবর্তনের প্রচেষ্টার পর ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ভূমিকা নতুন করে নির্ধারণ করা হবে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করার বিষয়ে আর আলোচনা হচ্ছে না; বরং কীভাবে অঞ্চলটির সঙ্গে যুক্ত থাকা যায়, তা নিয়ে ভাবছে যুক্তরাষ্ট্র।
টম ব্যারাক স্বীকার করেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন বুঝতে পারছে, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপেরও সীমাবদ্ধতা রয়েছে এবং তা সব সময় কার্যকর হয় না। তাঁর ভাষ্য, নিজেদের সব সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করা সম্ভব নয়—এমন উপলব্ধি তৈরি হয়েছে দেশগুলোর মধ্যে। সরকার বা নেতা পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্র যখনই হস্তক্ষেপ করেছে, তখনই ভুলের বিষয়টি স্পষ্ট হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।