
পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকা অবস্থায় পুলিশের পোশাক পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশনের ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার এএসআই উদয়ন ফারুককে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) এসএমপি কমিশনারের স্বাক্ষরিত এক আদেশে এ ব্যবস্থা নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৯ অক্টোবর) রাতে সিলেট নগরীর ৮ নম্বর ওয়ার্ডের আখালিয়া নতুনবাজার এলাকার ব্রাহ্মণশাসন সার্বজনীন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন এএসআই উদয়ন ফারুক। এ সময় পূজা উদযাপন পরিষদের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে দায়িত্ব ছেড়ে পুলিশের ইউনিফর্ম পরেই গান পরিবেশন করেন তিনি। তাঁর গান গাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে।
সাইফুল ইসলাম জানান, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এএসআইয়ের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দিতে জালালাবাদ থানার সহকারী কমিশনারকে (এসি) দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।