October 21, 2026, 1:48 pm

সাজেকে ২২ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ

অভয়নগর প্রতিবেদক

 

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে নিরাপত্তা নিশ্চিত ও সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে ২২ অক্টোবর থেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন। তিন দফা দাবি পূরণ না হওয়ার অভিযোগে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বুধবার (২১ অক্টোবর) বিকেলে সংগঠন দুটির যৌথ বিবৃতিতে সাজেকে অবস্থানরত পর্যটকদেরও বুধবারের মধ্যে পর্যটনকেন্দ্রটি ছেড়ে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত রাখা হয়েছিল। তবে দাবি পূরণ না হওয়ায় ২২ অক্টোবর থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। সংগঠন দুটির অভিযোগ, জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা সাজেকের বিভিন্ন এলাকায় অবস্থান করছেন। তাঁদের দাবি, সশস্ত্র তৎপরতার কারণে শতাধিক সাধারণ মানুষ হুমকি ও ভয়ভীতির মুখে ঘরছাড়া হয়েছেন এবং জুমচাষিরা কৃষিকাজে যেতে পারছেন না। এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

এর আগে ১১ অক্টোবর অবরোধ শুরু হলেও প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্বাসে তা স্থগিত করা হয়। পরে ১৫ অক্টোবর আবার অবরোধ শুরু হয়, যা দুর্গাপূজা উপলক্ষে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। আগের কর্মসূচিতে যান চলাচল ব্যাহত হওয়ায় স্থানীয় বাসিন্দা, কৃষক ও পর্যটকেরা ভোগান্তিতে পড়েন। নতুন অবরোধে সাজেকের সড়ক যোগাযোগ ও পর্যটন কার্যক্রম আবারও অনিশ্চয়তায় পড়েছে। তবে জরুরি অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, ওষুধ ও সংবাদপত্রবাহী যানবাহন এবং সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।



ফেসবুক কর্নার