October 21, 2026, 1:22 pm

লক্ষ্মীপুরে ভিপি হেলালকে মারধর, ডিবির অভিযানে উদ্ধার

অভয়নগর প্রতিবেদক

লক্ষ্মীপুরে ইকোনো পরিবহনের একটি বাস থেকে রামগতি উপজেলা যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন হেলাল (ভিপি হেলাল) (৫৩) কে নামিয়ে মারধর ও অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে ১০ থেকে ১২ জনের একটি দলের বিরুদ্ধে। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করেছেন এবং একজনকে আটক করেছেন। এ সময় অন্য অভিযুক্তরা পালিয়ে যায়। বুধবার (২১ অক্টোবর) রাত ১২টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টহল দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে লক্ষ্মীপুর সদর থানাধীন উত্তর তেমুহনী এলাকার লিল্লাহ মসজিদসংলগ্ন লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের মাঠ থেকে তাঁকে উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন ঝুমুর মোড় থেকে বাসের যাত্রী হেলালকে নামিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ভুক্তভোগী পুলিশকে জানিয়েছেন, তাঁকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে বালিকা বিদ্যানিকেতনের মাঠে নিয়ে মারধর করা হয় এবং মব সৃষ্টি করে অপহরণের চেষ্টা চালানো হয়। উদ্ধার হওয়া হেলাল রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব চর কলাকোপা গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে।
এ ঘটনায় লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মজুপুর এলাকার আবু সাঈদের ছেলে ও জেলা ছাত্রদল নেতা মো. জামাল হোসেনকে (৩২) আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।



ফেসবুক কর্নার