
মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ জোরদার করতে একটি সংগঠন গড়ে তোলার উদ্যোগের কথা জানিয়েছেন সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। বুধবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান। এতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মাদক নির্মূলে কাজ করার পাশাপাশি সাধারণ মানুষকে সম্পৃক্ত করার পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
স্ট্যাটাসে ইশরাক বলেন, ঘনবসতিপূর্ণ ঢাকা-৬ এলাকায় জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো একটি সংস্থার পক্ষে মাদক নির্মূল সম্ভব নয়। সংগঠনটির মাধ্যমে চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধেও কাজ করতে চান তিনি। এ ক্ষেত্রে থানা-পুলিশের সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ নেওয়ার কথা জানান। একই সঙ্গে তাঁর উদ্যোগ বাধাগ্রস্ত করার চেষ্টা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক। তিনি জানান, স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন এবং প্রধানমন্ত্রী তাতে সম্মতি দিয়েছেন। এর আগে রাজধানীর গেন্ডারিয়া এলাকায় রেললাইনসংলগ্ন একটি বস্তিতে মাদকবিরোধী অভিযানে অংশ নেন তিনি। ওই সময় তাঁর হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায়। অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।